ক্যামেরায় ধরা পড়ল মা তিমির সন্তান জন্মদানের দৃশ্য

অনলাইন ডেস্ক

বিশাল সমুদ্রের নীল জলের ঢেউয়ের বুক চিরে পৃথিবীর আলো দেখল নতুন এক প্রাণ! অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস উপকূলে ঘটে যাওয়া এমনই জাদুকরী মুহূর্ত এবার ধরা পড়েছে ক্যামেরায়। একটি বিশালাকার হাম্পব্যাক তিমির সন্তান জন্মদানের এই বিরল দৃশ্য বিজ্ঞানীদের গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।

এবিসি নিউজ জানায়, মঙ্গলবার বিকালে কিংসক্লিফ উপকূল থেকে প্রায় ৭০০ মিটার দূরে ড্রোন ওড়াচ্ছিলেন ‘অরকা’ (ORRCA)-এর স্বেচ্ছাসেবক অ্যালেক্স ফরেস্ট। হঠাৎ তিনি খেয়াল করেন, তিমিদের একটি দলের পেছনে থাকা এক মা তিমি অস্বাভাবিক ধীরগতিতে এগোচ্ছে। সে তখন ঘুমাচ্ছিল না। সরকারি জীববৈচিত্র্য সংরক্ষণ আইন মেনে ১০০ মিটারের বেশি দূর থেকে এই অসাধারণ দৃশ্যটি রেকর্ড করেন তিনি।

ম্যাকোয়ারি ইউনিভার্সিটির বিজ্ঞানী ভেনেসা পিরোত্তা এই ঘটনাকে ‘অবিশ্বাস্য মুহূর্ত’ বলেছেন। প্রতি বছর বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা হয় এই হাম্পব্যাক তিমিকেই। ভিডিওতে দেখা যায়, ছানাটি জন্ম নিয়েই ঠিকঠাক পানির ওপরে ভেসে উঠছে। বাচ্চাটি আগে থেকেই জানত তাকে কী করতে হবে, যা মুহূর্তটিকে বিশেষ করে তুলেছে।

অরকা জানিয়েছে, ড্রোনের মাধ্যমে হাম্পব্যাক তিমির জন্মদানের ভিডিও ধারণের ঘটনা বিশ্বে এটিই প্রথম এবং সব মিলিয়ে মাত্র চতুর্থ। সংস্থাটির গবেষণা প্রধান অ্যানি পোস্ট জানান, এই ফুটেজটি বিশ্বজুড়ে অন্যান্য তিমির জন্মদান প্রক্রিয়ার সঙ্গে তুলনামূলক গবেষণায় দারুণ সাহায্য করবে। বিশেষ করে, মা তিমিটি অন্য কোনো তিমির পাহারায় না থেকে সম্পূর্ণ একাকী সন্তান জন্ম দেওয়ায় বিষয়টি বিজ্ঞানীদের কাছে বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights