জগন্নাথপুরে নৌকাডুবি : একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ডিঙ্গি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন চারজন।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর গ্রাম সংলগ্ন মইয়ার হাওরে এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হাওর থেকে অরুণ দেবনাথ (৪০) নামের একজনের মরদেহ উদ্ধার করে। তিনি জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর গ্রামের বাসিন্দা। নিখোঁজ রয়েছেন একই এলাকার অধীর দেবনাথ (৩৫), হেমেন্দ্র দেবনাথ (৩০) ও সতীন্দ্র দেবনাথ (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জগন্নাথপুর পৌর এলাকার ভরাউট গ্রামে হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে রাত ৩টার দিকে ভবানীপুর গ্রামের নয়জন ব্যক্তি একটি ডিঙ্গি নৌকায় করে মইয়ার হাওর পাড়ি দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ভবানীপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন। পরে সকালে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা হাওরে উদ্ধার অভিযান শুরু করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অরুণ দেবনাথের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা কাজ করছেন।
