শিশুদের জন্য চ্যাটজিপিটি দিয়ে পডকাস্ট তৈরির পরামর্শ, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
অনলাইন ডেস্ক
সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় গাড়িতে বসে তাদের সঙ্গে কথা না বলে চ্যাটজিপিটির তৈরি এআই পডকাস্ট শোনাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের এমনই এক পরামর্শ নিয়ে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চরম বিতর্কের ঝড় উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অল্টম্যান চ্যাটজিপিটি ব্যবহারের একটি চমৎকার উপায়ের কথা শেয়ার করেন। তিনি লেখেন, অভিভাবকেরা চাইলে তাদের পারিবারিক ক্যালেন্ডার এবং সন্তানদের পছন্দের বিষয়গুলো চ্যাটজিপিটিতে যুক্ত করতে পারেন। এর ভিত্তিতে প্রতি সকালে স্কুলে যাওয়ার পথে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি ব্যক্তিগত পডকাস্ট তৈরি করে দেবে। সেখানে শিশুর বিকালের ফুটবল ম্যাচ, আসন্ন জন্মদিন কিংবা প্রাসঙ্গিক নানা খবরের কথা যুক্ত থাকবে।
প্রযুক্তির এমন ব্যবহারকে কিছু ব্যবহারকারী উদ্ভাবনী বলে প্রশংসা করলেও, ক্ষুব্ধ নেটিজেনদের বড় একটি অংশ বিষয়টিকে নেতিবাচক চোখে দেখছেন। তাদের দাবি, এটি অভিভাবক ও সন্তানের সম্পর্কের জন্য মারাত্মক হুমকি। কারণ এতে তাদের মধ্যকার নিয়মিত কথোপকথন ও আবেগঘন মুহূর্তগুলো নষ্ট হবে।
এক ব্যবহারকারী বিদ্রূপ করে লেখেন, বাচ্চারা, মানুষের যোগাযোগের কাজও এখন এআই করে দেবে! অন্য একজন ক্ষোভ প্রকাশ করে অল্টম্যানকে ‘পার্ট-টাইম অভিভাবক’ বলে কটাক্ষ করেন। আরেকজন এটিকে এখন পর্যন্ত শোনা সবচেয়ে ‘বাজে আইডিয়া’ বলে মন্তব্য করেন।
সমর্থকেরা এটিকে তথ্যের ব্যক্তিগতকরণের একটি আধুনিক ও কার্যকর উপায় বললেও, বিরোধীদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, তা যেন কখনোই বাবা-মা ও শিশুর নিজস্ব আবেগ ও আত্মিক মেলামেশার স্থান দখল না করে।
