জুলাইয়ে গাজায় ১৫২ জন নিহত, এ বছর এক মাসে সর্বোচ্চ প্রাণহানি
অনলাইন ডেস্ক
গাজা উপত্যকায় চলমান সংঘাতে জুলাই মাসে ১৫২ জন নিহত হয়েছেন, যা চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (১ আগস্ট) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, তাদের স্বাস্থ্য তথ্য কেন্দ্রের হিসাবে জুলাই মাসে গাজার বিভিন্ন গভর্নরেটে ১৫২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ শিশু, ১৪ নারী ও চারজন বয়স্ক ব্যক্তি রয়েছেন।
মন্ত্রণালয় বলেছে, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাসহ বেসামরিক জনগোষ্ঠীর ওপর চলমান সংঘাতের সরাসরি প্রভাবের কারণে জুলাইয়ে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ২২২ জন নিহত এবং ৪ হাজার ৫৩ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৪৯ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৬২ জন।
এদিকে, দীর্ঘস্থায়ী সামরিক অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের হিসাবে, এসব অবকাঠামো পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি।
