দাউদকান্দিতে বেইলি সেতু ভেঙে পড়লো বাল্কহেডের ওপর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দির খামারপাড়ায় খিরাই নদের ওপর নির্মিত একটি বেইলি সেতু ভেঙে ইটবোঝাই বাল্কহেডের ওপর পড়েছে।

গতকাল শনিবার সন্ধ্যার এই দুর্ঘটনায় বাল্কহেডের চালক, সুকানি, সহকারী ও ১৭ জন শ্রমিক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। তবে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে সংশ্লিষ্টদের।

রবিবার শ্রমিক কাশেম মিয়া জানান, বাল্কহেড থেকে সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পেলেও মুঠোফোন, টাকা, ব্যাগে থাকা পোশাক, ঘুমানোর চাদরসহ বিভিন্ন সামগ্রীর কিছুই রক্ষা করতে পারেননি।

বাল্কহেডের মালিক ও সুকানি জুয়েল পাটোয়ারী বলেন, ৪০ হাজার ইটবোঝাই করে ঢাকার জিঞ্জিরা থেকে শনিবার ভোরে তারা রওনা দেন। সন্ধ্যায় খিরাই নদ দিয়ে দাউদকান্দি উপজেলার খামারপাড়া বেইলি সেতুর নিচে পৌঁছালে বিকট শব্দে সেতুটি ভেঙে বাল্কহেডের ওপর পড়ে। এ সময় নৌযানটিতে থাকা সবাই সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। তবে ২৫ লাখ টাকার বাল্কহেডটির ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, দীর্ঘদিনের বর্ষা ও বৃষ্টিতে বেইলি সেতুর পাটাতনগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। প্রায়ই নষ্ট হওয়া পাটাতন দেবে গিয়ে দুর্ঘটনার ঘটত।

সেতু ভেঙে যাওয়ার পর এই সড়কে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় দাউদকান্দি উপজেলা ছাড়াও চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার একাধিক গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights