সিউতায় অভিবাসন সংকটে মৃতের সংখ্যা বেড়ে ৭২
অনলাইন ডেস্ক
স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সিউটায় অভিবাসন সংকটে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। এদিকে স্পেন সীমান্তে নিরাপত্তা জোরদার করায় ৪৮ হাজার ৩০০-এর বেশি অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন।
রবিবার স্পেনের সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিইর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কো থেকে সাঁতরে সিউতায় প্রবেশের চেষ্টা করার সময় ডুবে যাওয়া ৭২ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশ ঠেকাতে স্পেনের কর্তৃপক্ষ শনিবার তারাজাল সীমান্ত এলাকায় ৫০০ মিটার দীর্ঘ একটি সমুদ্র প্রতিবন্ধক স্থাপন করেছে।
অভিবাসন সংকটের পর সিউতা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। তবে শহরে অবস্থানরত অভিবাসীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অব্যাহত রেখেছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিবাসীদের কয়েকটি দলকে তারাজাল সীমান্ত ক্রসিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান দিয়ে তারা মরক্কোতে ফিরে যাচ্ছেন। তাদের অনেকেই স্বেচ্ছায় ফিরে গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিউতা থেকে প্রায় ২২৪ কিলোমিটার পূর্বে অবস্থিত স্পেনের আরেকটি ছিটমহল মেলিলাতেও সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে। সেখানে সীমান্ত বেড়ার কাছে অবৈধভাবে প্রবেশের চেষ্টা শনাক্ত হওয়ার পর বেনি-এনজার সীমান্ত ক্রসিংয়ে যান চলাচল সাময়িকভাবে ধীর করে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হলে যানবাহন ও পথচারী চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
স্পেনের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট জানিয়েছে, সিউতায় চিকিৎসা নেয়া অভিবাসীর সংখ্যা বেড়ে ১ হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে স্পেনের মূল ভূখণ্ডে স্থানান্তরের অপেক্ষায় রাখা হয়েছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বৃহস্পতিবার ৫০ হাজারেরও বেশি অভিবাসী অবৈধভাবে সিউতায় প্রবেশ করেছেন। তাদের অনেকেই এখন মরক্কোর দিকে ফিরে যাচ্ছেন।
এদিকে, চলমান অভিবাসন সংকট নিয়ে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।
