আজ পর্দা নামছে গ্লাসগো কমনওয়েলথ গেমসের

স্পোর্টস ডেস্ক
১১ দিনের জমজমাট প্রতিযোগিতা, রোমাঞ্চ আর ক্রীড়াবিদদের লড়াইয়ের পর আজ রবিবার (২ আগস্ট) শেষ হচ্ছে গ্লাসগো-২০২৬ কমনওয়েলথ গেমস। স্কটল্যান্ডের ঐতিহাসিক হাইড্রো অ্যারেনায় বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

সমাপনী আয়োজনে সম্মান জানানো হবে ক্রীড়াবিদ, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের অবদানকে। পাশাপাশি স্কটল্যান্ডের সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে দর্শকদের সামনে।

অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি হবে আয়োজক পরিবর্তনের আনুষ্ঠানিকতা। গ্লাসগোর কাছ থেকে কমনওয়েলথ গেমসের পতাকা গ্রহণ করবে ভারত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০৩০ সালে ভারতের আমদাবাদে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের প্রস্তুতির যাত্রা।

গ্লাসগো-২০২৬-এর প্রধান বিপণন ও অনুষ্ঠান কর্মকর্তা লুইসা মাহন বলেন, এবারের সমাপনী অনুষ্ঠান হবে কৃতজ্ঞতা, সংযোগ ও উদযাপনের প্রতীক। এতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ক্রীড়াবিদদের পাশাপাশি গ্লাসগোর মানুষ, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের ভূমিকাও তুলে ধরা হবে।

তিনি বলেন, এটি আবেগঘন একটি মুহূর্ত হলেও একই সঙ্গে উদযাপনের সময়। গ্লাসগো যেভাবে উৎসব পালন করতে জানে, সমাপনী অনুষ্ঠানেও সেই আবহ দেখা যাবে।

সংগীত পরিবেশনায় অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে স্কটল্যান্ডের জনপ্রিয় রক ব্যান্ড সিম্পল মাইন্ডস। এছাড়া অংশ নেবেন বেমজ, ক্যামি বার্নস ও স্যান্ডি থম। বিশেষ পরিবেশনায় থাকবেন অস্ট্রেলিয়ার সংগীতশিল্পী ডেল্টা গুডরেম।

সমাপনী অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হবে ২০৩০ সালের আয়োজক ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য। আমদাবাদের প্রতিনিধিত্ব করে মঞ্চে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতীয় সংগীত, সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে আগামী আসরের একটি ঝলক উপস্থাপন করা হবে।

আনুষ্ঠানিকতা শেষে কমনওয়েলথ গেমসের পতাকা ভারতের হাতে তুলে দেওয়া হবে। এর মাধ্যমে শুরু হবে আমদাবাদ-২০৩০ গেমস আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি।

এবারের আসরে ৭৪টি দেশ ও অঞ্চল থেকে প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। ১০টি ক্রীড়া ডিসিপ্লিন ও ছয়টি প্যারা ডিসিপ্লিনের প্রতিযোগিতা শেষে বিদায়ের সময় এলেও, গ্লাসগোর সমাপনী অনুষ্ঠান একই সঙ্গে আগামী চার বছরের নতুন যাত্রার সূচনাও ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights