পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে জমি বসতি
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় ফের নদীভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনের ভাঙনে ৩ কিলোমিটার এলাকার ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। এতে আতঙ্কে রয়েছে নদী পারের বহু পরিবার। ঝুঁকির মধ্যে রয়েছে কবরস্থান, ঈদগাসহ দৌলতদিয়া লঞ্চঘাট। গতকাল দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার ও কাউয়াজানি এলাকার বিভিন্ন স্থানে নদীভাঙন রয়েছে। মুন্সিবাজার এলাকায় কয়েকজন বাসিন্দা বলেন, গত বছর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় ব্যাপক নদীভাঙন হয়। ভাঙনের পর স্থায়ী কোনো সমাধান না করে কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন রক্ষার চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। এ বছর আবার ভাঙন শুরু হয়েছে। গত কয়েক দিনের ভাঙনে মুন্সিবাজার থেকে তিন কিলোমিটার এলাকায় নদীতে কৃষি জমি বিলীন হচ্ছে। স্থায়ী সমাধান না হলে নদীভাঙন রোধ করা সম্ভব নয় বলে জানান ভুক্তভোগীরা। দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজারের খবির সরদার (৬০) বলেন, একসময় আমার ৫ বিঘা জমি ছিল। কয়েক বছরের ভাঙনে সবটুক জমি নদীতে বিলীন হেেয়ছে। আরেক বাসিন্দা লোকমান সরদার বলেন, আমার ১০ বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। কোনো সরকারই নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান করতে চায় না। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাজমিনুর রহমান বলেন, এ বছর রাজবাড়ীতে ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। তবে ফেরি ও লঞ্চঘাট এলাকার কাজ বিআইডব্লিউটি করে থাকে।
