ফরিদপুরে মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় পেঁয়াজের মাচা থেকে পড়ে সামিউল আলম (১০) নামের এক স্কুলের ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদী মহল্লায় নিজ বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। সে ওই মহল্লার জাহাঙ্গীর আলমের সন্তান ও স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সামিউল পেঁয়াজ দেখতে মাচার উপর উঠে। সে সময় মাচার ওপর থেকে সে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অস্মিতা দাস বলেন, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সামিউল নামক একটি ছেলেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তারপরও পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে ওই শিশুটির মৃতদেহ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
