জুলাই গণঅভ্যুত্থান দিবস: কক্সবাজার প্রেসক্লাবের সপ্তাহব্যাপী কর্মসূচি

কক্সবাজার প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে শহীদদের স্মরণে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির পঞ্চম দিনে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। তিনি বলেন, মাফিয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশকে দীর্ঘদিন জিম্মি করে রেখেছিল। মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। তাদের কারণে পুরো দেশ অস্তিত্ব সংকটে পড়েছিল। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত রক্তের বিনিময়ে এই বাংলাদেশ মুক্তি পেয়েছে। পরবর্তীতে দেশে মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠিত হয়েছে।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির আহ্বায়ক মমতাজ উদ্দিন বাহারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক প্রফেসর আখতারুল আলম ও কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী। সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন প্রেসক্লাব ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য হুমায়ুন সিকদার।

প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ও এই কর্মসূচির সদস্য সচিব হাসানুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাংবাদিক শামসুল হক শারেক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, প্রেসক্লাবের সদস্য ইমাম খাইর ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম।

জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন শাহিদুল ওয়াহেদ শাহেদ, মুহাম্মদ খালিদ বিন সাঈদ, সাহাব উদ্দিন, আবদুল মোমেন খান, আরিয়ান খান ফারাবি, সাঈদ স্বাধীন ও ফাহমিদা হাসান হেবা। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত গ্রাফিতি আঁকা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights