জুলাই চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে গণঅভ্যুত্থান দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় নিয়ে চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

বুধবার (৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের শুরুতে নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সাম্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হবে প্রকৃত শ্রদ্ধা।

তিনি বলেন, বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বলেন, সংবিধান সংস্কারের কাজ শুরু হয়েছে এবং সব রাজনৈতিক ও সামাজিক অংশীজনের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। দেশের গণতন্ত্র, আইনের শাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) কামরুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে জননিরাপত্তা নিশ্চিত, আইনের শাসন সুসংহত এবং জনবান্ধব পুলিশিং আরও জোরদারে রেঞ্জ পুলিশ কাজ করে যাচ্ছে।

একইভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর নেতৃত্বে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights