খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর নন্দীপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে মো. আরিফ সরদার (২২) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উত্তর নন্দীপাড়া ৬ নম্বর রোডে নূর টাওয়ার সংলগ্ন একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদের ওপর নামাজের কক্ষ থেকে ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত আরিফ সরদার জামালপুরের ইসলামপুর উপজেলার পোড়ারচর সরদারপাড়া গ্রামের আলম সরদারের ছেলে। তিনি রাজধানীর সবুজবাগ থানার মানিকদিয়া চেয়ারম্যানবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights