‘সন্ত্রাসী ঘাঁটি গুটিয়ে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র’

অনলাইন ডেস্ক

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। একসময় দেশটিকে শুধু এই অঞ্চল থেকেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে থাকা তাদের সামরিক ঘাঁটিও গুটিয়ে নিতে হবে।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো ‘সন্ত্রাসী ঘাঁটি’ হিসেবে অভিহিত করেছেন আজিজি। তিনি বলেন, ‘‘যেদিন তোমরা এই অঞ্চল থেকে বিতাড়িত হবে, সেদিন বেশি দূরে নয়। শুধু তাই নয়, যেসব দেশে তোমাদের ‘সন্ত্রাসী ঘাঁটি’ রয়েছে, সেসব স্থান থেকেও তোমাদের বের হতে হবে।’’

আজিজির দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক প্রভাব ধীরে ধীরে কমে আসছে। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশেও মার্কিন সামরিক উপস্থিতি টিকিয়ে রাখা কঠিন হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

ইরানি এই সংসদীয় নেতা বলেন, বর্তমানে বিদেশে সামরিক ঘাঁটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে যুক্তরাষ্ট্র যে বিপুল অর্থ ব্যয় করছে, ভবিষ্যতে সেই অর্থ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যবহার করতে হবে। তিনি লেখেন, ‘ঘাঁটিগুলোতে যে সম্পদ খরচ করো, সেদিন তা নিজ দেশের নিরাপত্তায় ব্যয় করতে বাধ্য হবে।’

তবে আজিজির এসব মন্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতা চলছে। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে বিরোধও নিরসনের পথে। ওমানের মধ্যস্থতায় একটি খসড়া চুক্তি চূড়ান্তের পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তেহরান। এর লক্ষ্য যুদ্ধের উত্তেজনা কমানো এবং হরমুজে নৌ চলাচল স্বাভাবিক করা। এই সময়েই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে কড়া মন্তব্য করলেন ইব্রাহিম আজিজি।

সূত্র: তাসনিম নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights