পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বেথেল
অনলাইন ডেস্ক
হাঁটুর চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল। অন্যদিকে প্রথম দুটি টেস্টের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন অলি পোপ, ব্রাইডন কার্স ও ড্যান লরেন্স। সারে-র হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দুই বছর পর টেস্ট দলে ফিরছেন লরেন্স।
চলতি মৌসুমে তিনি ডিভিশন ওয়ানে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৯ বছর বয়সী এই ব্যাটার ৬ নম্বর পজিশনে খেলবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে জেমি স্মিথ ৭ নম্বর পজিশনে নেমে যাবেন, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের সাম্প্রতিক টেস্ট সিরিজে এর চেয়ে এক ধাপ উপরে ব্যাট করেছিলেন।
জর্ডান কক্স এই গ্রীষ্মের শুরুতে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন। তিনি বেথেলের জায়গায় ৩ নম্বর পজিশনে ব্যাট করবেন। গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডান হাঁটুতে চোট পাওয়ায় বেথেল পুরো পাকিস্তান সিরিজ থেকেই ছিটকে গেছেন।
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া পেসার স্যাম কুক দলে ফিরেছেন। এছাড়া অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের পরাজয়ের পর প্রথমবারের মতো টেস্ট দলে ফিরছেন পোপ ও কার্স। চোটের কারণে কার্স কয়েক মাস মাঠের বাইরে ছিলেন, আর ব্যাটার হিসেবে সন্তোষজনক পারফরম্যান্স না দেখাতে পারায় পোপকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।
কিউইদের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলা দলটির তুলনায় বর্তমান দলে নেই সাবেক অধিনায়ক বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
চলতি মাসের ১৯ আগস্ট হেডিংলিতে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজটি স্টোকস-ব্রেন্ডন ম্যাককালাম পরবর্তী যুগে ইংল্যান্ডের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। ২০২২ সালে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর জো রুট আবারও পূর্ণকালীন অধিনায়ক হিসেবে ফিরছেন। টেস্ট দলের কোচ হিসেবে ম্যাককালামের উত্তরসূরি হিসেবে সম্প্রতি স্টিফেন ফ্লেমিংয়ের নাম ঘোষণা করা হলেও, তিনি বছরের শেষের দিকে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের সময় দায়িত্ব গ্রহণ করবেন।পাকিস্তান সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কাস ট্রেসকোথিক।
দল প্রসঙ্গে ইংল্যান্ড পুরুষ দলের নির্বাচক মার্কাস নর্থ বলেন, আমরা প্রথম দুটি টেস্টের জন্য এমন একটি দল নির্বাচন করেছি, যেখানে উদীয়মান প্রতিভার পাশাপাশি পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতার ভারসাম্য রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সারে-র হয়ে এখন পর্যন্ত দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর ড্যান লরেন্স দলে ফিরছেন। আমাদের বিশ্বাস, দলের মিডল-অর্ডারের শক্তি বাড়াতে প্রয়োজনীয় অভিজ্ঞতা, পরিপক্কতা ও দক্ষতা সবই তার রয়েছে। ইংলিশ ক্রিকেটের অন্যতম প্রতিশ্রুতিশীল প্রতিভা হিসেবে জর্ডান কক্সের বেশ সুনাম রয়েছে। জ্যাকব বেথেল চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে যাওয়ায়, তার জায়গায় ৩ নম্বর পজিশনে ব্যাট করার সুযোগ পাবেন কক্স।
প্রথম টেস্টটি লিডসে অনুষ্ঠিত হবে এবং এরপর ২৭ আগস্ট থেকে লর্ডসে হবে দ্বিতীয় ম্যাচটি। তৃতীয় ও শেষ টেস্টটি ৯ সেপ্টেম্বর থেকে এজবাস্টনে খেলা হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ইংল্যান্ড বর্তমানে ৭ নম্বরে রয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করা পাকিস্তান অবস্থান করছে অষ্টম স্থানে।
