লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
অনলাইন ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে অসচ্ছল, দরিদ্র, বিধবা নারী ও শিক্ষার্থীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী বিনামূল্যের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার ১০০ জন বিধবা, অসচ্ছল, দরিদ্র নারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
বুধবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার শেখ শফিউদ্দিন কমার্স কলেজ অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, বসুন্ধরা শুভসংঘের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লালমনিরহাট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী, আয়কর আইনজীবী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মজমুল হোসেন প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবক আনিসুর রহমান (ভিপি আনিস), বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ এন্তাজুর রহমান, উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উপকমিটির আহ্বায়ক সুরভী রহমান, সদস্য সচিব নুপুর আক্তার, সদস্য সেলিনা আক্তার সুইটিসহ বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা ও দুটি কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক বলেন, বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র নারী ও শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপদেষ্টা অধ্যক্ষ এন্তাজুর রহমান বলেন,বসুন্ধরা শুভসংঘ উদ্যোক্তা তৈরি, অসচ্ছল নারীদের স্বাবলম্বী করা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ধারাবাহিকভাবে কাজ করছে। সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অসহায় ও অসচ্ছল নারীরা দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান বলেন, শুভ কাজে সবার পাশে’ এই স্লোগানকে ধারণ করেই বসুন্ধরা শুভসংঘ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, দক্ষতা অর্জনের মাধ্যমে একজন নারী শুধু নিজের নয়, পুরো পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”
প্রশিক্ষণে অংশ নেওয়া এক অসচ্ছল নারী বলেন, তাঁর অসুস্থ স্বামী ও সন্তানদের নিয়ে অত্যন্ত কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। এই প্রশিক্ষণ শেষে যদি একটি সেলাই মেশিন পান, তাহলে নিজেই কাজ করে পরিবারের ব্যয় নির্বাহ করতে পারবেন। তিনি বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উদ্যোগ তাঁর স্বাবলম্বী হওয়ার নতুন পথ তৈরি করবে।
উল্লেখ্য, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর যোগ্য প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী করার লক্ষ্যে পর্যায়ক্রমে সেলাই মেশিন প্রদান করা হবে। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
