মোংলায় ম্যানগ্রোভ বন সৃষ্টিতে বৃক্ষরোপণ কর্মসূচি

মোংলা প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সুন্দরবন সংলগ্ন এলাকার পরিবেশগত সহনশীলতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মোংলায় ম্যানগ্রোভ বন সৃষ্টিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাদাবন সংঘ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় মোংলা উপজেলার বাঁশতলা ব্রিজ সংলগ্ন চর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাবন সংঘের প্রজেক্ট কো-অর্ডিনেটর পপি আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশযোদ্ধা ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় নেতা, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ।

বিশেষ অতিথি ছিলেন সুন্দরবনের জিউধরা স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ শাহাদাত হোসেন। এসময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা জিয়ার শেখ, পরিবেশকর্মী মেহেদী হাসান, বাদাবন সংঘের নাজমিরা জুঁই ও নাঈম হাসান। কর্মসূচিতে স্থানীয় নারী মৎস্যজীবী, কমিউনিটির সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, উপকূলীয় অঞ্চলের জন্য ম্যানগ্রোভ বন একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সুরক্ষাবলয়। এটি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকি কমানোর পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন শোষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে এ ধরনের উদ্যোগ সুন্দরবন সংলগ্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়ক হবে। সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে বন কর্মকর্তা শেখ শাহাদাত হোসেন বলেন, বনায়নের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের বিপর্যয় মোকাবিলা ও পরিবেশ রক্ষা করতে হবে। সুন্দরবন রক্ষায় সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে পপি আক্তার বলেন, স্থানীয় জনগোষ্ঠী বিশেষ করে নারী মৎস্যজীবীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সুন্দরবন সংলগ্ন এলাকার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা আরও শক্তিশালী করা সম্ভব।

তিনি জানান, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (FCDO) সহায়তায় ও OCEAN Community Fund-এর অর্থায়নে ‘Mangrove Restoration’ প্রকল্পের আওতায় বাদাবন সংঘ এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights