ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক
উপজেলা প্রতিনিধি (বুড়িচং), কুমিল্লা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর ও রান্নাঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ছেলেকে বিদেশে পাঠানোর সঞ্চিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব পরিবারটি এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর ৫ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ির বাসিন্দা মো. মজিবুর রহমানের ছেলে কৃষক মো. খোকন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পুরো বসতঘর ও রান্নাঘরে তা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. খোকন মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সম্প্রতি বিভিন্ন সমিতি থেকে ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন এবং নিজের জমানো ১ লাখ টাকাসহ মোট ৪ লাখ নগদ টাকা ঘরে রেখেছিলেন।
অগ্নিকাণ্ডে সেই নগদ টাকাসহ ঘরের ধান, চাল, আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালনগর ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. সাইফুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুন লেগে খোকন মিয়ার বসতঘর ও রান্নাঘরসহ সর্বস্ব পুড়ে গেছে। নগদ টাকাসহ এত বড় অঙ্কের ক্ষতির কারণে পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব পরিবারটি সহায়তার জন্য সমাজের বিত্তবান ও প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির সার্বিক খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার ও কম্বল প্রদান করেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আরও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
