লাউয়াছড়ায় ‘উল্টোলেজি’ বানর

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায়ই দেখা মিলে বিরল প্রজাতির ‘উল্টোলেজি’ বানরের। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, উল্টোলেজি বানর (Northern Pig-tailed Macaque) বাংলাদেশের অন্যতম বিরল ও সংরক্ষিত স্তন্যপায়ী প্রাণী। শূকরের লেজের মতো ছোট ও পিঠের দিকে বাঁকানো লেজের কারণেই এদের নাম হয়েছে ‘উল্টোলেজি’ বানর। স্থানীয়ভাবে এদের কেশরওয়ালা সিংহ বানর, কুলু বান্দর, সিঙ্গা বানর কিংবা ছোট লেজি বানর নামেও ডাকা হয়। এদের বৈজ্ঞানিক নাম Macaca leonina। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চল, বিশেষ করে রেললাইনের আশপাশের এলাকায় প্রায়ই এদের বিচরণ করতে দেখা যায়। সাধারণত ৫ থেকে ২৫ সদস্যের সামাজিক দলে বসবাসকারী এই বানরগুলো বনের গভীরে জীবনযাপন করে। লাউয়াছড়া ছাড়াও হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান এবং রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে এদের উপস্থিতি রয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এই প্রজাতিকে বৈশ্বিকভাবে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। পাশাপাশি বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী উল্টোলেজি বানর সংরক্ষিত প্রাণী। প্রাপ্তবয়স্ক উল্টোলেজি বানরের দেহের দৈর্ঘ্য ৪০ থেকে ৬০ সেন্টিমিটার এবং লেজ ১৮ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। দেহের ওপরের অংশ জলপাই-ধূসর, নিচের অংশ ধূসর-সাদা এবং মুখমন্ডল গোলাপি বর্ণের। মাথার মাঝখান কিছুটা চ্যাপ্টা ও কালচে লোমে আবৃত। এদের দলনেতার মাথায় কখনো কখনো সিংহের মতো কেশর দেখা যায়, যা তাদের সহজেই আলাদা করে চেনায়। এই বানর দিবাচর, বৃক্ষবাসী ও ভূমিচারী। পুরুষ বানর তুলনামূলকভাবে আক্রমণাত্মক স্বভাবের। বিপদ টের পেলে দাঁত বের করে ভয় প্রদর্শন করে এবং নিজেদের মধ্যেও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায়। স্ত্রী বানর অপেক্ষাকৃত শান্ত প্রকৃতির। ফল, কচি পাতা, কুঁড়ি, শিকড়, কীটপতঙ্গ, কাঁকড়া ও পাখির ছানা এদের প্রধান খাদ্য। খাবারের সন্ধানে কখনো কখনো পার্শ্ববর্তী কৃষিজমিতেও প্রবেশ করে।

উল্টোলেজি বানর সারা বছর প্রজনন করতে পারলেও মার্চ থেকে জুন মাসে প্রজননের হার বেশি। প্রায় ১৬২ থেকে ১৮৬ দিন গর্ভধারণের পর সাধারণত একটি শাবকের জন্ম দেয়। এক বছর বয়সে শাবক মায়ের দুধ ছাড়ে এবং তিন থেকে চার বছরে প্রজননক্ষম হয়। স্বাভাবিক পরিবেশে এদের আয়ুষ্কাল প্রায় ১০ থেকে ১২ বছর।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বনে বিরল প্রজাতির উল্টোলেজি বানরের উপস্থিতি এ এলাকার সমৃদ্ধ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। বিরল ও সংরক্ষিত এই প্রজাতির উল্টোলেজি বানরের ছোট-বড় মিলিয়ে একটি দল এখানে বসবাস করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights