রাজবাড়ীতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের পদত্যাগ দাবি
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর হাসপাতালে সাপের কামড়ে আহত এক যুবককে অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবি উঠেছে।
রবিবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসা-বঞ্চিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,‘রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসা সেবা ভালো নয়। গত ৭ আগস্ট হৃদয় (২৮) কামড়ে আহত হন। অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের চিকিৎসক তাকে অ্যান্টিভেনম না দিয়ে ফরিদপুর রেফার করেন। ফরিদপুর নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।’
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ হান্নান বলেন, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হৃদয় নামের ওই রোগীর আইসিইউ সুবিধা প্রয়োজন ছিল। রাজবাড়ীতে আইসিইউ সাপোর্ট না থাকার কারণে তাকে দ্রুত ফরিদপুর রেফার করা হয়েছিল।
