সামরিক সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে তাইওয়ান

অনলাইন ডেস্ক

সামরিক সক্ষমতা আরও জোরদার করার অংশ হিসেবে আগামী বছরে প্রতিরক্ষা বাজেট ১৬ শতাংশ বাড়াতে যাচ্ছে তাইওয়ান। এর ফলে প্রতিরক্ষা ব্যয়ের পরিমাণ প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন তাইওয়ানি ডলার (৩১ বিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে যাবে। রবিবার (৯ আগস্ট) সরকারি বার্তা সংস্থা ‘সেন্ট্রাল নিউজ এজেন্সি’ এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। নিজেদের এই দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে গত কয়েক বছরে বেইজিং তাইওয়ানের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে, যা তাইপেই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে।

তবে ইউরোপের ওপর যুক্তরাষ্ট্রের চাপের মতোই, ওয়াশিংটনও তাইওয়ানকে তাদের নিজস্ব প্রতিরক্ষা খাতে আরও অর্থ ব্যয়ের আহ্বান জানিয়ে আসছে। সেন্ট্রাল নিউজ এজেন্সির তথ্যমতে, ২০ আগস্ট ঘোষিত হতে যাওয়া ১.১ ট্রিলিয়ন তাইওয়ানি ডলারেরও বেশি অর্থের এই প্রস্তাবিত বাজেটে কোস্টগার্ড, প্রবীণ সেনাসদস্য এবং বিশেষ প্রকল্পের জন্য বরাদ্দ অন্তর্ভুক্ত থাকবে। চলতি বছরের মতোই এই বাজেট দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ ছাড়িয়ে যাবে। এতে আরও বলা হয়, ব্যয়ের বিস্তারিত হিসাব চূড়ান্ত মন্ত্রিসভার বৈঠকের অপেক্ষায় রয়েছে।

চীনের ক্রমবর্ধমান হুমকির মুখে তাইওয়ান সরকার সামরিক আধুনিকীকরণকে তাদের অন্যতম প্রধান নীতি হিসেবে গ্রহণ করেছে। তারা নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন তৈরি করাসহ প্রতিরক্ষা খাতে আরও অর্থ ব্যয়ের প্রতিশ্রুতি বারবার পুনর্ব্যক্ত করেছে।

চীনের সামরিক বাহিনী প্রায় প্রতিদিনই তাইওয়ানের আশপাশে তৎপরতা চালায় এবং নিয়মিতভাবে সামরিক মহড়া বা ‘ওয়ার গেমস’ আয়োজন করে; সর্বশেষ এমন মহড়াটি গত ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি বেইজিং দ্রুতগতিতে তাদের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণও করছে। যার মধ্যে রয়েছে নতুন বিমানবাহী রণতরী, স্টিলথ যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র রয়েছে। গত মার্চ মাসে চীন তাদের এ বছরের প্রতিরক্ষা বাজেট ৭ শতাংশ বাড়িয়ে ১.৯১ ট্রিলিয়ন ইউয়ান (২৮৩.০৮ বিলিয়ন ডলার) করার ঘোষণা দিয়েছিল।

সূত্র: রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights