জুলাইয়ে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা ইসরায়েলিদের

অনলাইন ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে গত জুলাই মাসে ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের ১০৮টি হামলা ও নিপীড়নের ঘটনা নথিভুক্ত করেছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রবিবার এক বিবৃতিতে ইউনিয়নের ফ্রিডমস কমিটি জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত ঘটনাগুলোর মধ্যে আটক, মারধর, জিজ্ঞাসাবাদ, সংবাদ সংগ্রহে বাধা এবং সংবাদ সরঞ্জাম জব্দ বা ধ্বংসের মতো ঘটনা রয়েছে। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের ফলে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতার খবর সংগ্রহ করা সাংবাদিকদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।

নথিভুক্ত ১০৮টি ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ছিল স্বল্প সময়ের জন্য আটক ও সংবাদ সংগ্রহে বিধিনিষেধ। এ ধরনের ঘটনা ঘটেছে ৫৮টি।

এ ছাড়া সাংবাদিকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার ১১টি ঘটনা নথিভুক্ত করেছে কমিটি। এসব ঘটনায় শারীরিক হামলা, ধাক্কাধাক্কি ও হুমকির অভিযোগ রয়েছে। মূলত বসতি স্থাপনকারীদের হামলা ও ইসরায়েলি সামরিক অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের এসব ঘটনার মুখোমুখি হতে হয়েছে।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহারের ১২টি ঘটনাও নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় কয়েকজন সাংবাদিক শ্বাসকষ্টে ভুগেছেন বলে জানিয়েছে সংগঠনটি।

কমিটির তথ্য অনুযায়ী, ছয়জন সাংবাদিককে মারধর করা হয়েছে। গাজা পরিস্থিতির খবর সংগ্রহের সময় শ্রাপনেলসহ বিভিন্ন কারণে চারজন সাংবাদিক রক্তাক্ত জখম হয়েছেন। এ ছাড়া দুজন সাংবাদিককে আটক এবং আরও চারজনকে তাঁদের প্রতিবেদন ও সংবাদকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জুলাই মাসে সাংবাদিকদের বাড়ি ও গণমাধ্যম কার্যালয়ে চারটি অভিযান চালানোর অভিযোগও রয়েছে। এর মধ্যে একটি গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি সংবাদ সরঞ্জাম জব্দ বা ধ্বংসের তিনটি এবং ভিডিও ফুটেজ মুছে ফেলার দুটি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। আল-আকসা মসজিদের আশপাশ থেকে সাংবাদিকদের সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে দুটি।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ‘হুমকি, হামলা ও হয়রানি থেকে মুক্তভাবে’ কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এসব ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ২৭০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। অধিকারকর্মী ও বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে সাংবাদিকদের আটক ও সংবাদকর্মে বাধার ঘটনাও ব্যাপকভাবে বেড়েছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights