সিআইডি পুলিশের ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগে কৃষকদল নেতা গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে কোতোয়ালী থানায় ওসির রুমে মামলার তদন্ত কাজে যাওয়া দিনাজপুর সিআইডি পুলিশের ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগে জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে দিনাজপুর কোতয়ালী থানার ওসির রুমে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে রবিবার রাতেই মজিবর রহমান ও অজ্ঞাতনামা আরও ২ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে রবিবার রাতে কোতোয়ালি থানায় যান পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান। তখন তিনি সাদাপোশাকে ছিলেন। প্রায় একই সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করতে যান কৃষক দল নেতা মজিবর রহমান। ওসি তখন থানায় ছিলেন না। ওসির কক্ষের সামনে মুজিবুর রহমান মজিব ওসির অবস্থান সম্পর্কে নওয়াবুরের কাছে জানতে চান। এসময় নওয়াবুর নিজেকে এই থানার পুলিশ নয়, সিআইডির পুলিশ হিসেবে পরিচয় দেন। তখন সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান ও কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমানের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুজিবুর রহমান মজিব সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমানের গালে চড় মারেন। পরে থানায় অন্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় থানায় ডিউটিরত পুলিশ সদস্যরা মজিবকে আটক করেন।

এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. নুর নবী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, কোতয়ালী থানায় মামলার তদন্তে আসা সিআইডি পুলিশের ইন্সপেক্টরের গায়ে হাত দেওয়ার অভিযোগে কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবসহ তার সঙ্গে আসা অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার কোর্টে তাকে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights