শুক্কুরের নেতৃত্বে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এইচপি
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে নেতৃত্ব দেওয়া এসএম মেহেরব হাসানের পরিবর্তে এবার অস্ট্রেলিয়ায় দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ইরফান শুক্কুর।
ইরফানের নেতৃত্বে ২০২৬ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ও উদীয়মান ক্রিকেটারদের সমন্বয়ে সাজানো হয়েছে স্কোয়াডটি।
দলে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাব্বির রহমান, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী, মৃত্যুঞ্জয় চৌধুরি ও রিপন মন্ডল। এছাড়া ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেলা রকিবুল হাসানও রয়েছেন স্কোয়াডে।
বাংলাদেশ এইচপি, নিউজিল্যান্ড ‘এ’ ও নেপাল জাতীয় দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ছয়টি দলকে নিয়ে আগামী ২১ আগস্ট শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। প্রতিযোগিতার আগে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নর্দার্ন টেরিটরিতে আগেভাগেই পৌঁছাবে বাংলাদেশ এইচপি দল।
প্রায় দুই সপ্তাহের সফরে শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ইরফান শুক্কুর, সাব্বির রহমান, আবু হায়দার রনিদের।
বাংলাদেশ সময় ২২ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ এইচপি। এরপর ২৩ আগস্ট হোবার্ট হারিকেন্স একাডেমি, ২৪ আগস্ট ভিক্টোরিয়া সিএ একাদশ, ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ এবং ২৮ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে তারা।
প্রথম পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার সেরা চার দল উঠবে সেমিফাইনালে। ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। একই দিনে শিরোপার লড়াইয়ে নামবে সেমিফাইনালে জয়ী দুই দল।
বাংলাদেশ এইচপি স্কোয়াড: ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এসএম মেহেরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী ও মৃত্যুঞ্জয় চৌধুরি।
