কালীগঞ্জে ডাকাতের বেশে বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বসতবাড়িতে ‘ডাকাতের বেশে’ ঢুকে কুপিয়ে কামরুন নাহার আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় হামলায় তার স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের নগর বেলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার ওই এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের (৪১) স্ত্রী। হামলায় আহত হয়েছেন মঞ্জুরুল ইসলাম ও তার মেয়ে সানজিদা আক্তার মিম (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে।

বাড়িতে ঢুকেই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে মঞ্জুরুল ইসলাম, তাঁর স্ত্রী ও মেয়েকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ততক্ষণে কামরুন নাহার মারা যান। আহত মঞ্জুরুল ইসলাম ও সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দুর্বৃত্তদের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। তার স্বামী ও মেয়েকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, দুর্বৃত্তরা বাড়ি থেকে টাকা-পয়সা, স্বর্ণালংকার বা অন্য কোনো মালামাল নেয়নি। এমনকি ঘরের আসবাবপত্রও তছনছ করা হয়নি। সবকিছু গোছানো অবস্থায় রয়েছে। হত্যার ঘটনায় এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights