পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত
পঞ্চগড় প্রতিনিধি
জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (১৬ আগস্ট) সকালে পঞ্চগড় সদর উপজেলা চত্বরে একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পরে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডা. কে এম আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ মৎস্য চাষি ও সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় পাঁচজন মৎস্য চাষিকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মাছ দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম উৎস। মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার।
