সিলেটে মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মানবপাচার চক্রের এক সদস্য কয়েছ আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার রায়গড় পুরানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কয়েছ আহমদ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামের ময়নুল হকের ছেলে।

র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোলাপগঞ্জের বাসিন্দা আবদুল আহবাব পারভেজ ও মো. সায়েমকে ৮০ লাখ টাকার বিনিময়ে ‘হেলথ কেয়ার’ ভিসায় যুক্তরাজ্যে পাঠানোর চুক্তি করে একটি মানবপাচার চক্র। চক্রটি তাঁদের চার থেকে ছয় মাসের মধ্যে যুক্তরাজ্যে পাঠানোর আশ্বাস দিয়েছিল।

র‌্যাব জানায়, ওই দুই ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে চক্রের সদস্যরা ৬০ লাখ টাকা নেন। তবে প্রায় এক বছর পার হলেও তাঁদের যুক্তরাজ্যে পাঠানোর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। পরে যোগাযোগ করা হলে চক্রের সদস্যরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

একপর্যায়ে কাগজপত্র যাচাই করে ভুক্তভোগীরা জানতে পারেন, যুক্তরাজ্যে যাওয়ার জন্য তাদের দেওয়া কাগজপত্র জাল ও ভুয়া। এরপর টাকা ফেরত চাইলে চক্রের সদস্যরা তাদের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে মামলার এজাহারভুক্ত আসামি কয়েছ আহমদকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights