জার্মানির ডুইসেলডর্ফে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনার

জার্মানি প্রতিনিধি

জার্মানির নর্থরাইন-ভেস্টফালেন অঙ্গরাজ্যের ডুইসেলডর্ফে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দিনব্যাপী একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জার্মানিতে বাংলাদেশ দূতাবাস, বার্লিন এবং ডুইসেলডর্ফ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (IHK)-এর যৌথ উদ্যোগে ‘Business Meets Diplomacy: Current Business and Investment Opportunities in Bangladesh’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন। তিনি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, আমদানি-রপ্তানি বাণিজ্য, বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন খাতে বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

রাষ্ট্রদূত তার উপস্থাপনায় বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ খাতের বর্তমান চিত্রের পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে হালকা প্রকৌশল শিল্প, সেমিকন্ডাক্টর প্যাকেজিং, বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি, সোলার প্যানেল, ডাটা সেন্টারসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ সম্পর্কে জার্মান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অবহিত করা হয়।

উপস্থাপনায় বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সক্ষমতা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনার বিষয়গুলোও তুলে ধরা হয়। এসব উদ্যোগের তুলনামূলক বিশ্লেষণ উপস্থিত জার্মান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

সেমিনারে ডুইসেলডর্ফ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (IHK)-এর ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞ, ALTIOS-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ)-এর প্রতিনিধি, OAV (East Asian Association)-এর দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক, Germany Trade & Invest (GTAI)-এর দক্ষিণ এশিয়া প্রতিনিধি, WILO-এর পরিচালক, বিনিয়োগকারী প্রতিষ্ঠান OSPIG-এর ব্যবস্থাপনা পরিচালক এবং স্থানীয় ব্যাংক Sparkassen-এর ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে জার্মানির ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ, তথ্যবিনিময় এবং নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে নর্দরাইন-ভেস্টফালেন অঙ্গরাজ্যের অন্তত ২০টি কোম্পানি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights