হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান?

অনলাইন ডেস্ক
গত ফেব্রুয়ারিতে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর প্রায় ছয় মাস পর যুদ্ধের মূল ফোকাস এখন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া। মার্কিন নৌবাহিনীর টহল বৃদ্ধির কারণে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ইরান তার নিয়ন্ত্রণের বড় অংশ হারাচ্ছে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা ৮০ শতাংশের বেশি জাহাজ জাতিসংঘ অনুমোদিত ওমানের পথ ব্যবহার করেছে। ফলে ইরান আগের মতো টোল আদায় করতে পারছে না। এ বিষয়ে কেপলারের অপরিশোধিত তেল বিশ্লেষণ বিভাগের প্রধান হোমায়ুন ফালাকশাহী বলেন, ‘ক্রমেই মনে হচ্ছে, ইরান প্রণালিটির ওপর অন্তত আংশিক নিয়ন্ত্রণ হারিয়েছে।’

এ ছাড়া ঝুঁকি এড়াতে কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বড় তেলবাহী জাহাজ (ভিএলসিসি) ব্যবহার করে ওমান উপসাগরের নিরাপদ এলাকায় তেল স্থানান্তর করছে।

পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে পিকারিং এনার্জি পার্টনার্সের প্রতিষ্ঠাতা ড্যান পিকারিং বলেন, ইরানের টোল আদায়ের দাবি মেনে চলতে মধ্যপ্রাচ্যের অধিকাংশ মানুষই চায় না এবং তারা তা করছেও না। তাই ওমানের পথ ব্যবহার করাটাই নিঃসন্দেহে সবচেয়ে যুক্তিসংগত।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। পাশাপাশি তিনি ‘পথের কাঁটা হলে ওমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন।

সার্বিক বিষয়ে লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ডি লিপো বলেন, আমি সব তথ্য ও সংবাদের শিরোনামকে সতর্কতার সঙ্গে বিবেচনা করব। তবে এটুকু বলা যুক্তিসঙ্গত যে প্রণালিটির ওপর আংশিক নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights