দিনাজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ উৎসব

দিনাজপুর প্রতিনিধি

সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশ, বিনোদন ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরে ‘ফেস্টিভ্যাল অফ স্মাইলস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিনাজপুর শিশু পার্কে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সমৃদ্ধি ইউথ অর্গানাইজেশন’ এ আয়োজন করে।

দিনব্যাপী এই আনন্দ আয়োজনে স্থানীয় সুবিধাবঞ্চিত শিশুরা অংশ নেয়। এতে ছিল শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, প্রতিযোগিতা, আলোচনা, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন। সমাজের অবহেলিত শিশুদের দৈনন্দিন অভাব-অনটন ভুলে নির্মল আনন্দ উপহার দেওয়াই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

সমৃদ্ধি ইউথ অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকরা জানান, তরুণদের সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন। কেবল এক দিনের আনন্দ নয়, বরং এই শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করে তাদের জীবনের গল্প বদলে দিতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম। সংগঠনের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজনে আরও ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু, উপদেষ্টা একরামুল হক আবির, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীনসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights