রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বসন্তপুরে একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়িটি পুড়ে গেলেও কোনো প্রাণহানি হয়নি।
শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
অ্যাম্বুলেন্সের মালিক মো. রাসেল গাজি বলেন, ‘অ্যাম্বুলেন্সটি অকেটেন ও পেট্রোলে চলে। রাজবাড়ীর খানখানাপুর থেকে একজন রোগী ও তাদের তিন স্বজনকে নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে গাড়িটি যাচ্ছিল। বসন্তপুর এলাকায় পৌঁছানোর পর গাড়ি থেকে গন্ধ বের হয়। চালক দ্রুত সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেন। এক মিনিট পর গাড়িতে আগুন লেগে যায়। ইঞ্জিনের ত্রুটি থেকে গাড়িতে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।’
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রোমান মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি। অ্যাম্বুলেন্সটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
