কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল ও আলোচনা সভা
কুড়িগ্রাম প্রতিনিধি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি।
শুক্রবার বিকেলে জেলা কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে কলেজ মোড়ের দোয়েল চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
সভায় মির্জা ফখরুল ইসলামের ও রুহুল কবীর রিজভীর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাসহ দীর্ঘায়ু কামনা করেন।
এ কর্মসূচিতে জেলা বিএনপির পাশাপাশি জেলা মহিলা দল, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
জেলা বিএনপির নেতৃবৃন্দ মহাসচিব হিসেবে কুড়িগ্রামের কৃতী সন্তান রিজভী আহমেদের হাত ধরে কুড়িগ্রামসহ সারা দেশের বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
