নগরীর যানজট নিরসনে নকশা বহির্ভূত ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া ও আশপাশের এলাকার বিভিন্ন ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (নউক) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে তিনি এসব ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুসরণ, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা রাখা এবং নগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
পরিদর্শন শেষে মাশুকুল ইসলাম রাজীব বলেন, আমরা যখনই কিছু বলার চেষ্টা করি বা অভিমত ব্যক্ত করি, তখন সব সময় বলি আমরা সচেতন নাগরিক। কিন্তু সচেতনতার বহিঃপ্রকাশ হতে হবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। এতক্ষণ যে পর্যবেক্ষণ করলাম, বেশিরভাগ ক্ষেত্রে সচেতনতার বিন্দুমাত্র লেশ দেখা যায়নি।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা। কিন্তু অধিকাংশ ভবনেই সেই ব্যবস্থা নেই। অনেক আবাসিক বাড়ির নামে বাণিজ্যিক ভবন তৈরি করা হয়েছে, অথচ সেখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখা হয়নি।
নগরীর যানজটের অন্যতম কারণ হিসেবে ভবন নির্মাণে এ ধরনের অব্যবস্থাপনাকে দায়ী করে নউক চেয়ারম্যান বলেন, পূর্বে যা হয়েছে, হয়েছে। এখন থেকে নিয়মবহির্ভূত কোনো কর্মকাণ্ডের সঙ্গে যে ব্যক্তি বা গোষ্ঠীই সম্পৃক্ত থাকুক, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। কিছু লোকের কারণে সারা নারায়ণগঞ্জবাসীকে অসুবিধার সম্মুখীন হতে হবে, এটা আর মেনে নেওয়ার সময় নেই।
রাজউকের অনুমোদন নেওয়ার পরও অনুমোদিত নকশা বা আইন লঙ্ঘন করে নির্মাণকাজ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে অনুমোদন ছাড়া কোনো ভবন বা স্থাপনা নির্মাণ না করার আহ্বান জানান।
মাশুকুল ইসলাম রাজীব বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দিতে কর্তৃপক্ষের দরজা সব সময় খোলা থাকবে। কেউ আইনবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণ করলে কর্তৃপক্ষকে জানানোর জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
পাশাপাশি নদী দূষণ রোধ, নদীর পাড়ের পরিবেশ রক্ষা এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নেও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করবে বলে জানান নউক চেয়ারম্যান।
