রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, সিনেট প্রতিনিধিকে ১ বছরের শাস্তি
রাবি প্রতিনিধি
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেট প্রতিনিধি আকিল বিন তালেবকে এক বছরের শাস্তি দেওয়া হয়েছে। ওই পরীক্ষাগুলো তাকে পুনরায় দিতে হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হাসনাত কবীর তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে তাকে এক বছরের শাস্তি দেওয়া হয়েছে। তাকে ওই বছরের সব পরীক্ষা পুনরায় দিতে হবে। শুধু তিনিই নন, এমন অভিযোগে বিভিন্ন বিভাগের কয়েক ডজন শিক্ষার্থীর শাস্তি হয়েছে।
এর আগে, এ বছর ফেব্রুয়ারিতে আকিল বিন তালেবের বিরুদ্ধে মাস্টার্স প্রোগ্রামের ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল কোর্সের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত বছর রাকসু-সিনেট প্রতিনিধি নির্বাচনে প্রতিনিধি নির্বাচিত হন তিনি।
