বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল নৌকাসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক
দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় সোমবার বঙ্গোপসাগরে টহল কার্যক্রম পরিচালনার সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছে ভাসমান অবস্থায় মাছ ধরার নৌকা ‘এফবি আল-আমিন’ এবং এর ১৬ জন জেলেকে উদ্ধার করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রবিবার রাতে টহলকালে নৌবাহিনী জাহাজ কপোতাক্ষ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার নৌকা ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার বিষয়ে তথ্য পায়। এর প্রেক্ষিতে নৌবাহিনীর জাহাজটি রাতের আঁধারেই উদ্ধার কার্যক্রম শুরু করে এবং পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেই নৌকাটিকে মোংলা ফেয়ারওয়ের কাছে শনাক্ত করে। নৌবাহিনীর জাহাজ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৬ জন জেলেসহ ‘এফবি আল-আমিন’নামের নৌকাটি উদ্ধার করে। এ সময় নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেন।

উদ্ধারকৃত জেলেদের সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরনখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ‘এফবি আল-আমিন’-যোগে সমুদ্রে যায়। এর দু’দিন পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং তিন দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে, সাগরের উত্তাল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনীর জাহাজ নৌকাটিকে টোয়িং করে সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্টে নিরাপদে নিয়ে আসে এবং নৌকাসহ জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

আইএসপিআর জানিয়েছে, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া নৌবাহিনীর দায়িত্বশীলতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights