রূপগঞ্জে ব্যবসায়ীর বাসায় ডাকাতি
রুপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
অনলাইন ভার্সন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাত দল পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত-পা বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে।
এ ঘটনার পর থেকেই এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর চারটায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১০ থেকে ১২ জনের একদল ডাকাত রামদা, চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ভোর ৪ টার দিকে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাকেসহ তার স্ত্রী তন্নী আক্তার, মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের আলমারিতে থাকা ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ চার লাখ টাকাসহ মূল্যমান জিনিসপত্র লুটে নেয়। শুধু তাই নয়, এ ব্যাপারে মুখ খুললে মেরে ফেলার হুমকি দেয় ডাকাতদলের সদস্যরা।
অপরদিকে, ২ দিন আগে একই এলাকার আলমগীরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেখান থেকেও একই কায়দায় অস্ত্রের মুখে জিম্মি করে ও মারধর করে স্বর্ণালংকারও নগদ টাকা লুটে নেয় ডাকাত দল। এরআগে একই গ্রামের শিহাবদের বাড়ি থেকে গবাদিপশু ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দার।
এদিকে, ডাকাতের ঘটনার সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত ওসি মোক্তার হোসেনের নেতৃত্বে পূর্বাচল ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক হারুন উর রশিদসহ পুলিশ সদস্যরা।
পূর্বাচল ক্যাম্প উপ পরিদর্শক হারুন উর রশিদ বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আলামত জব্দ করি। ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
