মা-বাবার কলহ মেটাতে বৈঠক চলাকালে শিশুর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহ নিরসনে আয়োজিত বৈঠক চলাকালে পুকুরের পানিতে ডুবে আশরাফুল করিম নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোশাররফ আলী গোমস্তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল করিম ওই বাড়ির মোহাম্মদ করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুলের বাবা মোহাম্মদ করিম ও মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ওইদিন আসরের নামাজের পর স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে বসতবাড়ির উঠানে একটি সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত সবাই আলোচনায় ব্যস্ত থাকাকালে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু আশরাফুল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সমাজপতি মোহাম্মদ শাহজাহান জানান, বৈঠক শেষে বাড়ি ফেরার সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights