যে কারণে টেসলাকে লাখ লাখ গাড়ি রিকল করতে হচ্ছে
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক গাড়ি বাজারে আধুনিক ও আকর্ষণীয় নকশার অংশ হিসেবে ইলেকট্রনিক ডোর হ্যান্ডেল ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। টেক জায়ান্ট টেসলা তাদের মডেলে প্রথম এই ব্যবস্থা চালু করার পর চীনসহ বিশ্বজুড়ে ইলেকট্রিক গাড়ি নির্মাতারা এটিকে দ্রুত আপন করে নেয়। কিন্তু এই নান্দনিক ডিজাইনই এখন গাড়ি ব্যবহারকারী ও উদ্ধারকারীদের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে।
সংকট ঘনীভূত হয়েছে চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশনের (এসএএমআর) সাম্প্রতিক এক নজিরবিহীন সিদ্ধান্তের কারণে। চীনে ৪০ লাখের বেশি ইলেকট্রিক গাড়ি ফেরত (রিকল) নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার সিংহভাগই আমেরিকান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার। চীনে প্রায় ৩০ লাখ টেসলা গাড়ি সরাসরি এই রিকল প্রক্রিয়ার আওতায় এসেছে। টেসলা ছাড়াও শাওমি, এক্সপেং এবং গিলির মতো চীনা স্থানীয় শীর্ষ ইভি ব্র্যান্ডগুলো তাদের লাখ লাখ গাড়ি ফেরত নিতে বাধ্য হয়েছে।
এই বিশাল রিকল প্রক্রিয়ার পেছনে প্রধান কারণ হলো জরুরি মুহূর্তে গাড়ির দরজা খুলতে না পারা এবং তাতে যাত্রী আটকে পড়ার ঝুঁকি। সাধারণত ইলেকট্রনিক ডোর হ্যান্ডেলগুলো ব্যাটারি বা মূলত বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরিচালিত হয়। যদি কোনো বড় দুর্ঘটনার মুখোমুখি হয়ে গাড়ির পাওয়ার সিস্টেম বা ইলেকট্রিক্যাল সার্কিট পুরোপুরি বিকল হয়ে পড়ে, তবে এসব দরজা স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায় এবং বাইরে বা ভেতর থেকে খোলার কোনো সাধারণ উপায় থাকে না।
যদিও এসব গাড়িতে জরুরি অবস্থায় ম্যানুয়ালি দরজা খোলার জন্য কিছু মেকানিক্যাল লিভার বা কেবল থাকে, সেগুলোর ডিজাইন ও অবস্থান বড় ধরনের বিভ্রান্তি তৈরি করে। টেসলাসহ অধিকাংশ গাড়ির এই জরুরি মেকানিক্যাল হ্যান্ডেলগুলোর রঙ ভিতরের সাজসজ্জার (ইন্টেরিয়র ট্রিম) সাথে মিলিয়ে তৈরি করা। ফলে দুর্ঘটনার পর ধোঁয়ায় আচ্ছন্ন, অন্ধকার বা আতঙ্কগ্রস্ত মুহূর্তে যাত্রীরা সেই গোপন লিভার খুঁজে পান না। অন্যদিকে, বাইরে উদ্ধারকারীদের জন্য ম্যানুয়ালি দরজা খোলার কোনো ব্যবস্থা না থাকায় দুর্ঘটনায় আগুন লাগার মতো পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। সম্প্রতি চীনে ও যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীরা ভেতরে আটকে পড়ে প্রাণ হারানোর ঘটনার পর বিষয়টির তীব্র সমালোচনা শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চীন নতুন কড়া নীতিমালা ও ২০২৭ সাল থেকে ‘হিডেন ডোর হ্যান্ডেল’ পুরোপুরি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি গাড়িতে ভেতর ও বাইরে স্পষ্ট মেকানিক্যাল রিলিজ ব্যবস্থা থাকতে হবে। চলমান রিকলের আওতায় টেসলা এবং অন্যান্য কোম্পানিগুলোকে গাড়ির দরজার ভেতরে স্পষ্ট সতর্কবার্তা ও ব্যবহার নির্দেশিকার লেবেল লাগিয়ে দিতে বলা হয়েছে, যেন যাত্রীরা জরুরি হ্যান্ডেলটি সহজে দেখতে পান। এছাড়া একটি সফ্টওয়্যার আপডেটের পরিকল্পনা করা হয়েছে, যা কোনো দুর্ঘটনা চিহ্নিত হওয়া মাত্রই গাড়ির সব গ্লাস বা জানালা স্বয়ংক্রিয়ভাবে নিচে নামিয়ে দেবে, যাতে ভেতরের যাত্রীরা সহজে বের হতে পারেন অথবা বাইরের উদ্ধারকারীরা কাজ চালাতে পারেন।
সূত্র: বিবিসি
