মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী ও তাঁর সহপাঠীদের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁদের স্বজনরা।

বুধবার জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তাঁরা। লিখিত বক্তব্যে শিক্ষার্থী রাফি আহমেদ বলেন, চলতি বছরের এপ্রিলে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়ি এসে এলাকায় মাদকের বিস্তার দেখতে পান তিনি। পরে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী প্রচারণা চালান। এর কিছুদিন পর মাদারগঞ্জ থানা পুলিশ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাঁরা জামিনে বের হয়ে ফের বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ করেন রাফি।

রাফি জানান, চলতি আগস্টে ছুটিতে বাড়ি এলে গত ২৩ আগস্ট মাদারগঞ্জ উপজেলার জোনাইল নয়াপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সাঈদ, মনির ও সেলিম সরকারসহ কয়েকজন তাঁর ও সহপাঠীদের ওপর হামলা চালান। এতে তাঁরা গুরুতর আহত হন।

ঘটনাটি পুলিশকে জানালে থানায় অভিযোগ দিতে বলা হয়। পরে সেদিনই মাদারগঞ্জ থানায় অভিযোগ দিতে গেলে থানার সামনেও অভিযুক্তরা তাঁদের ওপর হামলা ও মারধর করেন বলে অভিযোগ করেন রাফি।

সংবাদ সম্মেলনে হামলার ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাফি। এ সময় হামলার শিকার মো. বিপুল, আব্দুল্লাহ আল মাহিম ও রাফির বাবা মো. আসাদ বক্তব্য দেন। তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights