মধ্যরাতে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ, যুবক আটক

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও অসংলগ্ন আচরণের অভিযোগে মেহেদী হাসান ওরফে শান্ত (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জ পৌরসভার কাশিপুর ক্লাবমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মেহেদী হাসান কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের ফরাসপুর গ্রামের ওবায়দুল বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রাত ২টা ২০ মিনিটের দিকে কাশিপুর ক্লাবমোড় এলাকায় একটি বাড়ির সামনে সড়কের ওপর এক ব্যক্তি মাদক সেবন করে বেসামাল অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণ করছেন। পরে কালীগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেহেদী হাসানকে নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করে।

কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, মাদক সেবন ও এর মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্টের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন কিংবা মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

পুলিশ জানায়, মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights