যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিয়েও কিছুই অর্জন করতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েও কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএকে দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের বিশ্বব্যাপী আর্থিক স্বার্থকে লক্ষ্য করে এই চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ট্রেজারি বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী জানান, তেল খাতসহ ইরানের সব আয়ের উৎস বন্ধ করে দেওয়া এবং অন্যান্য দেশ ও কোম্পানিগুলোকে তেহরানের সঙ্গে ব্যবসা করা থেকে বিরত রাখাই এই অভিযানের মূল লক্ষ্য।

এদিকে, ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং খাতামুল আম্বিয়া (সা.) যৌথ বিমান প্রতিরক্ষা সদর দফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জানিয়েছেন, প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও প্রতিস্থাপনের কাজ চলছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গত দুই দফা আরোপিত যুদ্ধে আকাশ প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম এবং শত্রুর বিভিন্ন ধরনের আকাশযানের বিরুদ্ধে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, শত্রুর বিমান হামলা কার্যকরভাবে মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর এই কমান্ডার আরও বলেন, দ্বিতীয় দফার আরোপিত যুদ্ধ ইরানকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে, যা পরবর্তী যুদ্ধে কাজে লাগানো হয়েছে। তিনি বলেন, তৃতীয় দফার মার্কিন চাপিয়ে দেওয়া যুদ্ধেও ইরানের সক্ষমতার কার্যকারিতা আরও স্পষ্ট হয়েছে। ওই যুদ্ধে ইরান উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ ও কৌশলগত ড্রোন এবং শত্রুর যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল এলহামি বলেন, বর্তমানে ইরান শতভাগ দেশীয় সক্ষমতার ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি যুদ্ধে কার্যকর প্রমাণিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উৎপাদন বাড়ানো হচ্ছে। সূত্র: ডন, মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights