গুরুতর অসুস্থ নরওয়ের রাজা
অনলাইন ডেস্ক
ইউরোপের সবচেয়ে প্রবীণ নরপতি নরওয়ের রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির রাজপ্রাসাদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে রাজপ্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সী এই রাজার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে।
রক্তজনিত জটিলতা (হেমোলাইটিক অ্যানিমিয়া) নিয়ে গত ১৭ আগস্ট থেকে তিনি অসলো বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় শরীরে লোহিত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে দ্রুত ধ্বংস হতে থাকে। এর আগে কর্টিসোন চিকিৎসার প্রতিক্রিয়া হিসেবে শরীরে তরল জমে যাওয়ার জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি একাধিকবার স্বাস্থ্যগত সমস্যায় ভুগেছেন এবং কিছুদিন আগে তার শরীরে পেসমেকারও বসানো হয়।
রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রানি সোনিয়া এবং ভারপ্রাপ্ত যুবরাজ হাকোন তাদের নির্ধারিত সব রাজকীয় কর্মসূচি বাতিল করেছেন। নরওয়েজিয়ান গণমাধ্যম জানিয়েছে, রাজপরিবারের সদস্যরা বর্তমানে হাসপাতালে রাজার শয্যাপাশে অবস্থান করছেন।
১৯৯১ সাল থেকে নরওয়ের সিংহাসনে আসীন রাজা হ্যারাল্ড সম্প্রতি তার সরকারি কার্যক্রম কিছুটা কমিয়ে আনলেও পদত্যাগের সম্ভাবনা বারবার নাকচ করে দিয়েছেন।
সূত্র: ইউরো নিউজ
