নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১
অনলাইন ডেস্ক
নেপালের ত্রিশূলী নদীর তীরের একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে নিখোঁজ কর্মীদের উদ্ধারে জরুরি অভিযান চলছে। কাদা ও ধ্বংসাবশেষে চাপা পড়া টানেলে বাতাস ঢোকানোর পাশাপাশি বড় গর্ত করে উদ্ধারকারী দল ভেতরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নেপালের ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার এসোসিয়েশন জানিয়েছে, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে আনুমানিক ৮৯৮ কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত ৩৬১ কর্মীকে উদ্ধার করা হয়েছে।
নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ শনিবার রাতে এক বিবৃতিতে জানান, ত্রিশূলী–৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে উদ্ধার অভিযানে কিছুটা অগ্রগতি হয়েছে। বন্যার পর কাদা ও পলিতে টানেলটি চাপা পড়ে যায়।
উদ্ধারকারীরা খননযন্ত্র দিয়ে টানেলের ভেতরের কাদা ও পলি সরানোর কাজ করছেন। এরই মধ্যে টানেলের ওপরের অংশে ছয় ইঞ্চি একটি গর্ত করা হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষা করে ভেতরে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।
এরপর ওই গর্ত দিয়ে টানেলের ভেতরে বাতাস, আলো ও শব্দ পাঠানো হয়েছে। তবে ভেতরে থাকা কারও সঙ্গে এখনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
মন্ত্রী জানান, এবার ওই গর্তটি আরও বড় করে একটি প্রবেশপথ তৈরি করা হবে। এর মাধ্যমে উদ্ধারকারী দলকে টানেলের ভেতরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। আগামীকালের মধ্যে বিদ্যমান পথ ধরে মূল টানেলে পৌঁছানোই এখন লক্ষ্য।
এর আগে শুক্রবার নেপালি সেনাবাহিনী রসুয়া জেলার একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে কয়েকজনকে উদ্ধারের ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, জীবিতরা ঘন কাদার মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছেন এবং উদ্ধারকারীরা তাদের বাইরে নিয়ে আসছেন।
সূত্র: সিএনএন
