সাংবাদিক আবদুস সালামের আদর্শ ধারণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুস সালামের মতো নির্লোভ, সৎ এবং সাহসী সাংবাদিকতা নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুসরণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। একই সঙ্গে ভাষাসৈনিক সাংবাদিক আবদুস সালামের নামে রাজধানীতে একটি সড়কের নামকরণও চাইলেন তাঁরা। গতকাল উপমহাদেশের বিখ্যাত সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। পিআইবি ও সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘সাংবাদিক আবদুস সালাম সরকারি চাকরি ছেড়ে সাংবাদিকতা করেছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে কিছু মিল আছে। দুজনই জেল খেটেছেন, সাংবাদিক ছিলেন, দেশে প্রথম একুশে পদক পেয়েছেন। দুজনের অদ্ভুত মিল।’ পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালকের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিক আবদুস সালামের ওপর আক্রমণ হয়েছে। জেল খেটেছেন। চাকরিচ্যুত হয়েছেন। তবে কর্তব্য থেকে তিনি বিচ্যুত হননি। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে অনেক সম্মানিতও হয়েছেন। নতুন প্রজন্মের কাছে তাঁর অনেক তথ্যই অজানা। আবদুস সালাম সাংবাদিকতাকে ব্রত হিসেবে নিয়েই কাজ করেছেন, যা ব্যতিক্রম। যা এখন আর দেখা যায় না। বর্তমানে কারও কাছে জানতে চাইলে তিনি অ্যাডমিন বা পুলিশ ক্যাডার যাবেন না সাংবাদিক হবেন? সবাই অ্যাডমিনে বা পুলিশে যেতে চাইবেন।’ রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশের অধিকাংশ মিডিয়াকে বলা হচ্ছে “গদি মিডিয়া” বা শাসকের পক্ষে কাজ করে। যার ভয়ংকর পরিণতিও ভারতে দেখছি।’ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, মতপ্রকাশে সরকার উদার। উদাহরণ দিয়ে বলেন, ‘ফ্যাক্ট চেকিংয়ে ১৮০ দিনে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে। আবদুস সালাম সাংবাদিক ছিলেন, সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ নিতে দক্ষ করতে উদ্যোগ নিয়েছেন। সাংবাদিকদের দক্ষ করতে পিআইবির মতো প্রতিষ্ঠানের মহাপরিচালক ছিলেন। আমরা উদার গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই।’ ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ‘সাংবাদিক পেশায় আবদুস সালামের মতো যেমন বাতিঘর আছে। তেমনি গত ১৭ বছরে সাংবাদিকদের অবক্ষয় দেখেছি। যারা পেশা ক্ষতিগ্রস্ত করেছেন।’ তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে, ঢাকা সিটিতে এই গুণী সাংবাদিকের নামে যাতে সড়কের নামকরণ হয়।’ সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিভিন্নভাবে সড়কের নামকরণের দাবি উঠেছে। নিশ্চয়ই সরকার বিবেচনা করবে। অদৃশ্যভাবেও ওনার অবদান আছে। সাংবাদিক-অর্থনীতিবিদেরা সমালোচনা করবেন, এটাকে ইতিবাচক ধরে সরকারকে এগিয়ে যেতে হবে।’ শুরুতেই সাংবাদিক আবদুস সালাম ও পিআইবির ৫০ বছর নিয়ে দুটি আলাদা প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বলেন, ‘আবদুস সালাম মাথা নোয়ানো সাংবাদিক ছিলেন না। সংবাদপত্রজগৎ বর্তমানে বিশৃঙ্খল অবস্থায় আছে। এটাকে নিয়মে আনতে হবে।’ টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আবদুল হাই সিদ্দিক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে গুটিকয়েক, সর্বোচ্চ শতাধিক ব্যক্তির লেজুবৃত্তির জন্য সাংবাদিক হিসেবে আমরা পরিচয় দিতে লজ্জাবোধ করি।’ বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী বলেন, ‘সাংবাদিকতার বাতিঘর ছিলেন তিনি। সাহস-প্রজ্ঞার মাধ্যমে দৃষ্টান্ত দেখিয়েছেন। গত ১৭ বছর দাসত্বের সাংবাদিকতা দেখেছি। তাই নতুন প্রজন্মের অনুপ্রেরণা হতে পারেন আবদুস সালাম।’ টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্যসচিব সৈয়দ জুবায়ের আহমেদ বাবু মিডিয়া কমিশন করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিগত দিনে অনেক গণমাধ্যম গণ-অদমে পরিণত হয়েছিল, যা থেকে বের হওয়ার সুযোগ এসেছে।’ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, সাংবাদিকতা চ্যালেঞ্জিং জেনেও আবদুস সালামের পরিবার ও স্বজনরা এ পেশায় এসেছেন। তিনি তোপখানা রোডটি আবদুস সালামের নামে নামকরণের দাবি জানান। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, আবদুস সালামের ব্রেইন চাইল্ড এই প্রেস ইনস্টিটিউট। তাঁর প্রস্তাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি প্রতিষ্ঠা করেন। পিআইবি থেকে আবদুস সালামের নামে সাংবাদিকদের একটি পদক প্রদানের উদ্যোগ নেওয়া হবে। আবদুস সালামের মেয়ে রেহানা সালাম বলেন, ‘আমার বাবাকে মনে রাখার দায় আমার। তবে সাংবাদিক আবদুস সালামকে মনে রাখার দায় শুধু আমার নয়। এই মঞ্চে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছি এই ভেবে, দেশ এখনো তার মেধাবী সন্তানদের ভুলে যায়নি।’ তিনি তাঁর পিতা আবদুস সালামের নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব করেন।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক লোটন একরাম পিআইবির অডিটোরিয়ামকে সাংবাদিক আবদুস সালামের নামে নামকরণের প্রস্তাব করেন। একই সঙ্গে একটি রাজপথ তাঁর নামে যেন করা হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights