কুমারখালীতে বিভিন্ন মামলার ১৮ আসামি গ্রেফতার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে মাদকসহ বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ছাত্রদলের এক নেতার মামার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলার ঘটনায় দুই জনও আছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তারা হলেন ওই গ্রামের মন্টু মোল্লার ছেলে তৌফিক আহমেদ লিখন (২২) ও মৃত ইকাদত শেখের ছেলে সুজা শেখ (৪৮)।
এছাড়া বৃহস্পতিবার রাতে উপজেলার শিলাইদহ, যদুবয়রা, চাপড়া, নন্দলালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে কুমারখালী থানা পুলিশ। অভিযানে জুয়া প্রতিরোধ আইনের মামলায় চার জনসহ বিভিন্ন মামলায় মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।
তাদেরও শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। জুয়া মামলার আসামিরা হলেন- শিলাইদহ ইউনিয়নের মৃত জামাল শেখের ছেলে নজরুল শেখ (৫৫), জুলমত আলীর ছেলে চাঁদ আলী (৫৪), মৃত আকবর আলীর ছেলে হাবিবুর রহমান (৪৫) ও মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুল আলিম (৩৫)।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ভাঙচুর মামলায় দুইজন, জুয়া মামলায় চারজনসহ বিভিন্ন মামলার ১৮ আসামিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
