সিলেটে বাসায় আটকে রেখে মানবপাচার, নারীসহ ৮ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে স্বামী-স্ত্রীর নেতৃত্বে মানবপাচার চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে নারী ও পুরুষদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে সিলেটে এনে বাসায় আটকে রাখা হতো। পরে তাদের বেশির ভাগকে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হতো বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সন্ধান পায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় একটি বাসা থেকে এক নারী, তিন শিশু ও চার পুরুষসহ আটজনকে উদ্ধার করা হয়। অভিযানে চক্রের মূলহোতা হিসেবে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রেনু বেগম (২৮) মহানগরের শাহপরাণ (রহ.) থানাধীন মীরেরচক গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।

এসএমপির মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বলেন, রুবেল মিয়া ও তার স্ত্রী রেনু বেগম মিলে মানবপাচার চক্রটি গড়ে তুলেছেন। তাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী রয়েছেন। চক্রটি ভালো কাজের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারী ও পুরুষদের কৌশলে সিলেটে নিয়ে আসত। পরে তাদের বাসায় আটকে রেখে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হতো।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মীরেরচকে রুবেল মিয়ার বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে এক নারী, তিন শিশু ও চার পুরুষকে উদ্ধার করা হয়। এ সময় রেনু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর স্বামী রুবেল মিয়া এ সময় বাসায় ছিলেন না।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মানবপাচার ও অভিবাসী এবং চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে বলে জানান এসএমপির এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights