সিএনজির গ্যাস সিলিন্ডারে ৪৩ হাজার ইয়াবা, আটক ২
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৭। আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদর উপজেলার নয়াপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (৪৭)।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘীর মোড় এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অটোরিকশার দুই আরোহী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশার গ্যাস সিলিন্ডারের এক পাশে বিশেষ কৌশলে রাখা ২২টি বান্ডেল পাওয়া যায়। বান্ডেলগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলো খুলে মোট ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের হিসাবে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
