গাংনীতে বিএনপি কার্যালয়ের পাশে বিস্ফোরণ, বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কয়েক ঘণ্টা আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের কিছু অংশ ও বোমাসদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার দুপুর ৩টার দিকে গাংনী বাজারের হারুন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে বিস্ফোরণের চিহ্ন দেখতে পাওয়া যায়। পরে ঘটনাস্থলে ইলেকট্রনিক সার্কিটের কিছু অংশ ও বোমাসদৃশ কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখা যায়।

বিস্ফোরণের পর গাংনী বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে কী ধরনের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির কয়েক ঘণ্টা আগে বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় এ বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights