প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা সমস্যাগুলো সমাধান না করা পর্যন্ত তারা বিপিএল শুরু করতে প্রস্তুত নন বলে জানান। বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো বোর্ডের এই পদক্ষেপকে স্বাগত জানালেও, ক্রিকেটাররা বিষয়টি ভালোভাবে নেননি। কারণ টুর্নামেন্টটি তাদের আয়ের অন্যতম প্রধান উৎস হওয়ায় তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন। ক্রিকেটারদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিসিবি পরে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়িয়ে দেয়।

তবে আমিনুল বলেন, বিপিএলের মতো একটি জনপ্রিয় টুর্নামেন্ট প্রতি বছর অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি জানান, গণমাধ্যমের প্রতিবেদনের পর তিনি বিপিএল স্থগিতের বিষয়ে নিশ্চিত হয়েছেন। তিনি বলেন, আমি এইমাত্র আপনাদের (গণমাধ্যম) কাছ থেকে জানতে পারলাম, বিপিএল যে অনুষ্ঠিত হবে না। বিপিএল বাংলাদেশের জন্য একটি জনপ্রিয় টুর্নামেন্ট।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিপিএল আয়োজন না হওয়ায় পেছনে বোর্ড সভাপতি আপনাদের কাছে কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন। আমার মনে হয়, বিপিএলের মতো একটি টুর্নামেন্ট প্রতি বছর অনুষ্ঠিত হওয়া উচিত। কেন এটি অনুষ্ঠিত হলো না, তা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতা যাতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়, সেদিকে আমরা অবশ্যই নজর রাখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights