২২ ঘণ্টা গ্যাস থাকবে না বগুড়া শহরে
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের গ্যাস নেটওয়ার্কে সরবরাহ বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ার বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে বগুড়া শহর নেটওয়ার্কের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধের কারণে শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকেরা ভোগান্তিতে পড়বেন।
পিজিসিএলের বগুড়া নর্থ ও সাউথ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী কাজ শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় গ্রাহকদের বিষয়টি জানাতে এলাকায় মাইকিং করা হবে।
সাময়িক গ্যাস সরবরাহ বন্ধের কারণে গ্রাহকদের সম্ভাব্য অসুবিধার জন্য পিজিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
