শ্রীলঙ্কার কাছে হারের পর জরিমানা গুনল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারের পর এবার জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ। ধীর ওভার রেটের কারণে নিগার সুলতানা জ্যোতির দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
দুবাইয়ে গত ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত ওভার রেট পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ধীর ওভার রেটের অভিযোগ মেনে নেওয়ায় এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি জি.এস. লক্ষ্মীর প্রতিবেদনের ভিত্তিতে এই জরিমানা করা হয়।
শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে শুরুতে চাপে পড়লেও হার্শিতা সামারাবিক্রমার অপরাজিত ৪৮ রানের ইনিংসে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
হারের ফলে সেমিফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেলেও বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলেই সেমিফাইনালের পথ খুলে যাবে
